
এর আগে মেজর লিগ সকারের ইতিহাসে এমন ঘটনা ঘটেছে কেবল দুইবার। আজ তৃতীয়বারের মতো ৩–০ গোলে এগিয়ে গিয়েও পরাজয়ের স্বাদ পেল কোন দল। এবার সেই দলটি হলো লিওনেল মেসির ইন্টার মায়ামি। অবিশ্বাস্য হলেও সত্য। মেজর লিগ সকারে এক নাটকীয় ম্যাচে ৩–০ ব্যবধানে এগিয়ে থেকেও জয় ধরে রাখতে পারেনি ইন্টার মায়ামি। শেষ পর্যন্ত দুর্দান্ত প্রত্যাবর্তনে ৪-৩ গোলে ম্যাচ জিতে নেয় অরল্যান্ডো সিটি। হ্যাটট্রিক করে দলের জয়ের নায়ক হন আর্জেন্টাইন মিডফিল্ডার মার্টিন ওজেদা।
আজ রোববার বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় মায়ামি। লিওনেল মেসির নেতৃত্বে আক্রমণে ধারালো ফুটবল খেলতে থাকে তারা। ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। টেলাস্কো সেগোভিয়ার ক্রসে হেড করে গোল করেন মিকায়েল।
এরপর ২৫তম মিনিটে ব্যবধান বাড়ায় মায়ামি। লুইস সুয়ারেজ ও মেসির সমন্বয়ে গড়া আক্রমণ থেকে গোল করেন সেগোভিয়া। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে দূরপাল্লার এক দৃষ্টিনন্দন শটে ব্যবধান ৩-০ করেন মেসি। তখন ম্যাচ একতরফা হয়ে যাওয়ারই আভাস মিলছিল।