দুই ঘণ্টা ১৯ মিনিট অপেক্ষার পর পরিত্যক্ত ম্যাচ

চাইলে আরও আধঘণ্টা অপেক্ষা করে বিকাল ৪টা ৫০ মিনিটে সিদ্ধান্ত জানাতে পারতেন ম্যাচ রেফারি। ম্যাচের ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সেটাই ছিল শেষ সময়। কিন্তু ম্যাচ রেফারি সে পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজনই মনে করলেন না। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামের বড় পর্দায় ভেসে উঠল সিদ্ধান্তটা, ‘বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত।’

বৃষ্টির ধারা এমনই ছিল যে আধঘণ্টা অপেক্ষা করলেও খেলা শুরু করা সম্ভব হতো না। ২ ঘণ্টা ১৯ মিনিট অপেক্ষার পর সে কারণেই আর অপেক্ষা করেননি ম্যাচ রেফারি।
তবে বৃষ্টির মধ্যেই গ্যালারিতে তখনো হাজারখানেক দর্শক অপেক্ষায় ছিলেন বাংলাদেশ–নিউজিল্যান্ড দ্বিতীয় টি–টুয়েন্টি শুরুর আশায়। আগের ম্যাচে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্স দেখে তাঁরা হয়তো ভেবেছিলেন, সিরিজটা আজই বাংলাদেশের সিরিজ জয়ের সাক্ষী হবেন। সেটা আর হলো না।

চট্টগ্রামেই প্রথম টি–টুয়েন্টি জেতায় আজ জিতলেই সিরিজ জিতে যেত বাংলাদেশ দল। অন্যদিকে নিউজিল্যান্ডের জন্য এটি ছিল সিরিজে ফেরার ম্যাচ। ম্যাচটি পরিত্যক্ত হয়ে যাওয়ায় নিউজিল্যান্ডের আর সিরিজ জয়ের সম্ভাবনা নেই, বাংলাদেশও হারবে না সিরিজ। ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২ মের শেষ টি–টুয়েন্টি জিতলে নিউজিল্যান্ড বড়জোর ১–১–এ ড্র করতে পারবে সিরিজটা। আর বাংলাদেশ জিতলে তারা সিরিজও জিতবে ২–০–তে।

চট্টগ্রামের দর্শকেরা খেলা দেখতে না পারলেও বাড়ি ফিরেছেন স্বস্তির খবর নিয়ে। বিসিবি জানিয়েছে, এই ম্যাচের টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকেরা।

সিরিজের দ্বিতীয় টি–টুয়েন্টির ভাগ্যটা যে এ রকম হতে পারে, সেই সম্ভাবনা আগে থেকেই ছিল। সারা দেশে গত পরশু থেকে শুরু হওয়া প্রবল বর্ষণ থেকে চট্টগ্রামও বাদ থাকেনি। গতকাল সারা দিন বৃষ্টি হওয়ার পর আজ সকালের দিকে বৃষ্টি ছিল না। তবে সকাল সাড়ে ১০টা থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়।

#dhakatv #news  #ঢাকাটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *